২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়কে প্রাণ হারালেন ১১ জন

দেশের পাঁচ জেলায় বাস, অটোরিকশা, মোটরসাইকেল দুর্ঘটনায় আর ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 07:55 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

তাদের মধ্যে শুধু রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত আর ৩০ জন আহত হয়েছেন। অন্য চার জেলায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজবাড়ী

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বুধবার বিকাল ৪টায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান।

নিহতদের দুজন হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরের মিজানুর রহমান ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল। বাকি তিনজনের নাম জানা যায়নি।

ওসি কামরুর হাসান জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহনের একটি বাসের সঙ্গে কালুখালীর গান্ধীমারা এলাকায় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী আরিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে দুইজন এবং রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। আরেকজনের মৃত্যু হয় ফরিদপুর নেওয়ার পথে।”

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি

ঝালকাঠিতে পৃথক সড়কে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন তার চার সহকর্মী।

তারা হলেন রাজাপুর উপজেলার পটুয়াখালি এলাকার বড় বিঘাই গ্রামের শানু সিকদারের ছেলে দেলোয়ার সিকদার (৫৫) ও কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে মোসলেম আলী খান (৪০)।

রাজাপুর থানার এসআই দিলীপ কুমার বলেন, বুধবার বিকেলে পাথরবোঝাই ট্রাকটি উপজেলা পরিষদ সংলগ্ন গোডাউন রোডের বাদুরতলা মোড় এলাকায় থামাতে গিয়ে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিক দেলোয়ারকে চাপা দেয়। তাকে আহত অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, বুধবার সকালে পাঁচ নির্মাণ শ্রমিক আমুয়া থেকে টমটমে করে কাঁঠালিয়া উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে উপজেলা শহরে বাইপাস মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“সংঘর্ষে টমটম উল্টে চাপা পড়লে মোসলেম আলী ঘটনাস্থলেই নিহত হন।”

এ সময় তার সঙ্গী আরও চার নির্মাণ শ্রমিক আহত হলে তাদের স্থানীয় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি এনামুল।

লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত জালাল খন্দকার বাবু (৩৫) রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলার মিরাপুরে আত্রাই-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আত্রাই থানার ওসি মো. মোসলেম উদ্দিন বলেন, জালাল মোটরসাইকেল চালিয়ে আত্রাই থেকে রাণীনগর যাওয়ার পথে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার এক সঙ্গী আহত হলে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর চালক ট্রাক্টর রেখে পালিয়ে গেছে বলে তিনি জানান।

ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না হোসেন (২২) উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে।

ওসি মঈন উদ্দিন বলেন, মুন্না ও সুমন মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এতে দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।

আহত সুমনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি মঈন উদ্দিন।

নেত্রকোণা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বাদে আমতৈল এলাকার কলমাকান্দা-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার চণ্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকন্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লুকমান ভূইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।

আহতরা হলেন- চণ্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আমজাদ মিয়ার ছেলে মতি মিয়া (৫২) ও একই ইউনিয়নের নিলাখালী গ্রামের হোসেন আলীর ছেলে কামাল উদ্দিন (৩৭)। তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমনি হোসাইন বলেন, নাজিরপুর বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কলমাকান্দা সদরে যাচ্ছিল।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”

হোসাইন বলেন, দুর্ঘটনার পর লরি রেখে চালক পালিয়ে যায়। তার সহযোগী মুখলেছুর রহমানকে (২২) কে আটক করা হয়েছে। 

নিহতদের পরিবারের অভিযোগ পেলে এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।