‘প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা’
কক্সবাজারে ‘মামাত বোনকে হত্যার’ পর এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বিকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থাইঙ্গাকাটায় এ ঘটনা ঘটে বলে রামু থানার ওসি মো. আবুল খায়ের জানিয়েছেন।
এ ঘটনায় আহত তরুণকে (১৭) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা দুজন সম্পর্কে মামাত-ফুপাত ভাই-বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে স্বজনরা জানিয়েছেন।
নিহতের স্বজনসহ স্থানীয়দের বরাত দিয়ে ওসি খায়ের বলেন, ওই কিশোরীর সঙ্গে তার ফুপাত ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের প্রেমের সম্পর্কে টানাপোড়েন চলছিল। এতে ছেলেটি মেয়েটির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
“এর জেরে মঙ্গলবার বিকালে ছেলেটি ওই মেয়ের বাড়ি ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। পরে বাড়ির উঠানে নিজের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে।”
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ নিহত লাশ উদ্ধার করে এবং মুমূর্ষু ছেলেটিকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
