গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
জমিজমার বিরোধের জেরে গাজীপুরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাসুরপুত্রের বিরুদ্ধে।
কাপাসিয়া উপজেলার টোক সুলতানপুর এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম (৩৮) টোক সুলতানপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, তোতা মিয়া ও তার চাচাত ভাই মোক্তার হোসেনের সঙ্গে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।
“এক পর্যায়ে মোক্তার হোসেনের ছেলে মামুন হোসেন ও সুমন মিয়া দা নিয়ে তোতা মিয়ার স্ত্রী সুফিয়া বেগমকে ধাওয়া করেন। এক পর্যায়ে তারা সুফিয়া বেগমকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
খবর পেয়ে বিকালে কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
