২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন হত্যার রায় দ্রুত কার্যকর চান স্বজনরা

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 09:22 PM

Updated : 10 Oct 2022, 09:43 PM

পুরনো খবর:

এমপি লিটন হত্যা: কাদের খানসহ ৭ আসামির ফাঁসির রায়

বৃহস্পতিবার এই হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে বন্দুকধারীর গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন।

রায় ঘোষনার পর বৃহস্পতিবার এমপি লিটনের পরিবারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সকাল ১০টা মধ্যে আদালতে আসেন হত্যা মামলার বাদী ও এমপি লিটনের বড়বোন ফাহমিদা বুলবুল কাকলী। তার সঙ্গে আদালতে আসেন লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান ও পরিবারের অন্যান্য সদস্যরা। রায় ঘোষণার আগে তাদের মধ্যে বিষন্নতা ছিল। কিন্তু রায় ঘোষণার পর তাদের মধে্যে স্বস্তি আসে। 

ফাহমিদা বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাই এলাকার মানুষকে ভালবাসতেন। এলাকার উন্নয়নকে বেশি গুরুত্ব দিতেন। তাই এমপি নির্বাচিত হবার পর থেকে লিটন এলাকাতেই বেশি থাকতেন। রায়ে আমি ও আমাদের পরিবার খুশি। তবে রায় বাস্তবায়ন হলে আরও খুশি হব।”

রায়ের পর লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি গাইবান্ধা প্রেসক্লাবে এসে বলেন, “লিটন ছিলেন গণমানুষের নেতা। সবসময় মানুষজন নিয়ে থাকতেন। তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই নেতা হত্যা মামলার রায় আজ হয়ে গেল। এই রায়ে আমরা সন্তষ্ট। রায় বাস্তবায়ন হলে লিটনের আত্মার শান্তি পাবে।

“মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করছি। তাহলে আমরা শতভাগ খুশি হব।”

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও লিটনের বড় বোন আফরোজা বারী বলেন, “এই রায়ে আমরা সবাই খুশি হয়েছি। এখন আমরা চাই রায় দ্রুত কার্যকর হোক।”

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাদিম মাহমুদ বলেন, “সুন্দরগঞ্জ উপজেলাটি মূলত জামায়াত-শিবির অধ্যুষিত ছিল। জামায়াতের সেই ঘাটি ভেঙ্গে দিয়েছিলেন এমপি লিটন। তিনি আওয়ামী লীগকে সুন্দরগঞ্জে প্রতিষ্ঠিত করেছিলেন। এলাকাবাসী ফাঁসির রায়ে খুশি হয়েছেন।”

বামনডাঙ্গা গ্রামের কৃষক হাবিবুর রহমান (৬০) বললেন, “হামার এমপি লিটোনোক যাই মারি ফেলাচে, তার ফাঁসির কতা শুনি খুশি হচি।” 

জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামসুল আলম হিরু বলেন, “আমাদের দল, আমি নিজে ও গাইবান্ধাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি যে সত্যিকার বিচার হলো। বর্তমান সরকারের সময়ে যে আইনের শাসন আছে তা এই রায়ের মাধ্যমে প্রমাণ পাওয়া গেল।”

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, “আমরা রায়ে দলীয়ভাবে সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি। কোনো বিশেষ আদালতে না গিয়ে প্রচলিত আদালতেই বিচারের মাধ্যমে দেশে আইনের শাসনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এখন রায় কার্যকার হলেই সবাই স্বস্তি পাবে।”

জেলা সিপিবি সভাপতি মিহির ঘোষ বলেন, “লিটন হত্যাকারীদের ফাঁসির রায়ে আমরা খুশি। তবে এই ঘটনার দেড়মাস আগে গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার ঘটনার বিচার হয়নি। এই ঘটনারও দ্রুত বিচার হওয়া উচিত।”

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দূর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয় জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করে লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী। তদন্ত শেষে এই হত্যা মামলায় কাদের খানসহ আট জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে লিটনের আগের সংসদ সদস্য প্রধান আসামি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের, তার একান্ত সহকারী মো. শামছুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী মেহেদি হাসান, দূর সম্পর্কের ভাগ্নে বাড়ির তত্ত্বাবধায়ক শাহীন মিয়া, সাবেক পোশাকশ্রমিক আনোয়ারুল ইসলাম রানা ও চন্দন কুমার রায় (পলাতক)।