কক্সবাজারে দুদলের গোলাগুলির একজন নিহত
কক্সবাজারে টেকনাফের পাহাড়ে দুদল কথিত সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির সময় একজন নিহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত মো. উল্লাহ ওরফে সোনা মিয়া (৪৫) হ্নীলা ইউনিয়নের উলুচামরীর মৃত হায়দার আলীর ছেলে।
টেকনাফ থানার পরিদর্শক মো. রাকিবুল ইসলাম বলেন, বিকালে হ্নীলা ইউনিয়নের অপরাধপ্রবণ পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়।
“এ সময় দুর্বৃত্ত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এএসআই সাইফ উদ্দিন, কনস্টেবল জুলিয়া নুর ও মোস্তফা আহত হন।”
পরিদর্শক রাকিবুল বলেন, পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি দেশে তৈরি এলজি, ৮ রাউন্ড তাজা বুলেট, ২৫ রাউন্ড খোসাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) মো. রাকিবুল ইসলাম বলেন, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান রাকিবুল।
