বাগেরহাটে ভেসে গেছে সাত হাজার মাছের ঘের
উপকূলীয় জেলা বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলের সময় প্রবল বৃষ্টিপাতে ‘সাত হাজারের বেশি’ মাছের ঘের ভেসে গেছে।
সোমবার দুপুরে বাগেরহাটের মৎস্য বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. খালেদ কনক বলেন, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে অবিরাম বৃষ্টিপাত ও জোয়ারের পানির চাপে জেলার সাত হাজার ২৩২টি মাছের ঘের ভেসে গেছে।
“এতে চাষিদের প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।”
দেশের চিংড়ি রপ্তানিতে বাগেরহাটের অবদান অন্যতম উল্লেখ করে তিনি জানান, বাগেরহাটে ৭৮ হাজার ৭০৯টি মাছের ঘের রয়েছে।
“চলতি অর্থ বছরে বাগদা ও গলদা চিংড়ির উৎপাদন লক্ষমাত্রা ছিল প্রায় ৩২ হাজার মেট্রিক টন।”
গত শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। প্রবল বাতাসের পাশপাশি প্রচুর বৃষ্টিপাত ঝরায় বুলবুল।
প্রায় চার লাখ টাকা ব্যয় করে পাঁচ বিঘা জমিতে ঘেরে বাগদা, গলদা ও সাদা মাছ চাষ করেছিলেন বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের শেখ সেলিম।
সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আকস্মিক ঘূর্ণিঝড়ের অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে মাছের ঘের তলিয়ে গলদা চিংড়ি ও সাদা মাছ বের হয়ে গেছে।
জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মহিদুল ইসলাম সুমন অভিযোগ করে বলেন, উপকূলীয় বাগেরহাট জেলা দুর্যোগ প্রবণ একটি জেলা। প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের শিকার হন এখানকার মাছ চাষিরা।
চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে এই ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের প্রণোদনা দিতে সরকারের দাবি জানান তিনি।
কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতার নজির নাই স্বীকার করে মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক বলেন, তবে এসব ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া উচিত।
