২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে গোপালগঞ্জে দুজনের মৃত্যু

গোপালগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 11:14 PM

Updated : 18 Aug 2022, 06:04 PM

রোববার বেলা সোয়া ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় এবং কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এক নারীসহ দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের মৃত বাবন কাজীর স্ত্রী মাঝু বিবি (৬৭) এবং কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সেকেল হাওলাদার (৭০)। দু’জনই গাছ চাপা পড়ে নিহত হন।

কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, ঘুর্ণিঝড় বুলবুল বয়ে যাওয়ার সময় কোটালীপাড়ার বান্ধাবাড়িতে সেকেল হাওলাদার নামে এক বদ্ধ গাছচাপা পড়ে নিহত হন।

এছাড়া এ উপজেলায় শতাধিক ঘরবাড়ি, পোল্ট্রি খামার বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

“আমরা ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ করছি। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করব।”

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী বর্মকর্তা মো. সাদিকুর রহমান খান জানান, রান্না করার সময় রান্নাঘরের উপর গাছ পড়ে মাঝু বিবি ঘটনাস্থলেই নিহত হন। তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

ঝড়ে সদর উপজেলার ২১টি ইউনিয়নের প্রায় ৫০০ কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে।

বুলবুলের আঘাতে গোপালগঞ্জ শহরসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়েছে। কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর-রাত থেকে সব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝড়ের দাপট খানিকটা কমে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন মাঠে নামেন। বিকেল সোয়া ৫টার দিকে শহরে বিদ্যুৎ আসে।