২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা কেন্দ্রে শিক্ষককে ‘মারলেন’ আ. লীগ নেতার স্ত্রী

পঞ্চগড়ে ‘জেএসসি পরীক্ষায় মেয়েকে বাড়তি সময় না দেওয়ায়’ এক আওয়ামী লীগ নেতার স্ত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকে এক শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 09:12 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

পরে ওই নারী ‘ক্ষমা চাইলে’ দ্বন্দ্ব মিটে যায়। তিনি আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান গোলাপের স্ত্রী।

সোমবার দুপুরে ইংরেজি পরীক্ষা শেষে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষক মোকলেছার রহমান বলেন, “পরীক্ষা শেষের ঘন্টা বাজার পরও কামরুজ্জামান গোলাপের মেয়ে বাড়তি সময় চায়। আমি সময় দিতে রাজি হইনি। পরে সে বেরিয়ে যায়। এরপর আমরা খাতা গোছানোর কাজ করছিলাম।

“এমন সময় গোলাপের স্ত্রী রোজিনা আক্তার রোজি পরীক্ষা কক্ষে এসে আমার শার্টের কলার ধরে মারধর শুরু করেন। এমনকি তিনি আমাকে জুতা দিয়েও মারধর করেন। তখন সহকর্মীরা আমাকে উদ্ধার করে। পরে সবার সামনে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় বিষয়টি নিয়ে আমার আর কোনো আপত্তি নেই।”

ওই কক্ষে দায়িত্বে থাকা আরেক শিক্ষক আব্দুল জব্বার বলেন, তার সামনেই মোকলেছারকে ওই নারী মারধর করেন।

“একপর্যায়ে পায়ের স্যান্ডেল খুলেও মারধর করেন। বিষয়টি আমাদের জন্য চরম অসম্মানের।”

কেন্দ্র সচিব আব্দুল কুদ্দুস বলেন, “ঘটনার পরপরই আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। তিনি ঘটনাস্থলে এসে সবার সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।”

ভারপ্রাপ্ত ইউএনও সৈয়দ মাহমুদ হাসান বলেন, “নিজের ভুল বুঝতে পেরে ওই নারী ভুক্তভোগী শিক্ষকের কাছে ক্ষমা চান। এতে দুই পক্ষই সমঝোতায় পৌঁছান।”

তবে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান গোলাপ অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া তিনি পাল্টা অভিযোগ করেছেন।

তিনি বলেন, “আমার মেয়ে পরীক্ষা দেওয়ার সময় পুরো তিন ঘণ্টা ওই শিক্ষক তাকে মানসিকভাবে হয়রানি করেন। পরীক্ষা শেষে মেয়ে কান্না করে তার মাকে বিষয়টি জানালে তিনি ওই শিক্ষককে বকাঝকা করেন। তাকে মারধর করেননি।”