২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরের বিরুদ্ধে চাচিকে হত্যার অভিযোগ, চাচাকে কুপিয়ে জখম

গাজীপুরে নিজ শয়নকক্ষে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাসুরের ছেলের বিরুদ্ধে। হামলাকারীরা ওই গৃহবধূর স্বামীকে কুপিয়ে জখম করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 06:52 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

রোববার গাজীপুর নগরীর সদর থানার বিলাশপুর নিয়ামত সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (৪৫) ওই এলাকার সিদ্দিক মিয়া বেপারীর স্ত্রী।

আহত সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার এসআই শেখ মো. মিজানুর রহমান বলেন, রিনা-সিদ্দিক দম্পতি দীর্ঘদিন ধরে নিয়ামত সড়ক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলার ফ্লাটে বসবাস করছিলেন।

“রোববার সকালে ঘুম থেকে উঠে সিদ্দিক ঘরে টাইলস লাগানো দেওয়ালে পানি দিতে যান। এ সময় দূর্বৃত্তরা ঘরে ঢুকে রিনাকে গলায় ওড়না পেঁচিয়ে ও নাকে-মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।”

মিজানুর বলেন, দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় তারা সিদ্দিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি মিজানুর।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, রিনাকে মৃতা এবং তার স্বামী সিদ্দিককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। গলায় ও পেটে ধারালো অস্ত্রের জখম অবস্থায় সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রিনার ছোট বোন মনিতারা বলেন, দীর্ঘদিন ধরে রিনার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। সিদ্দিকের বড় ভাইয়ের কিশোর ছেলে ঢাকার আশুলিয়া থেকে একটি স্কুলে নবম শ্রেণিতে লেখা পড়া করে। শনিবার ওই কিশোর তার আরও দুই বন্ধুকে নিয়ে রিনাদের বাসায় ওঠে। রাতের খাবার খেয়ে তারা ওই বাসায় শুয়ে পড়ে।

মনিতারা বলেন, সকালে এক পর্যায়ে ওই কিশোর ও তার বন্ধুরা সিদ্দিকের ছেলে দেলোয়ার হোসেন ও তার স্ত্রীকে ওই ভবনের একই তলার অপর কক্ষেবাইরে থেকে আটকে রাখে। সকাল সাড়ে ৭টার দিকে সিদ্দিকের ডাক-চিৎকার শুনে দেলোয়ার ও তার স্ত্রী হেনা বেগমের ঘুম ভেঙ্গে যায়। পরে ঘর থেকে বেরুতে চেষ্টা করলে বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে বুঝতে পেরে আর্তচিৎকার শুরু করে। এসময় প্রতিবেশিরা গিয়ে সিদ্দিককে রক্তাক্ত অবস্থায় এবং ঘরে রিনার লাশ পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘটনার পর থেকে ওই কিশোররা পলাতক রয়েছে।

আহত সিদ্দিক ব্যাপারী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তিনি তাদের নির্মাণাধিন ভবনের ৪র্থ তলায় পানি দিয়ে নিচের তলায় তাদের কক্ষে ঢুকছিলেন। এ সময় তার বড় ভাইয়ের ছেলেরহ তার দুই বন্ধু মিলে রিনাকে গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করছিল। এসময় সিদ্দিক ডাক চিৎকার শুরু করলে তারা তাকে রশি দিয়ে বেধে ফেলে। এক পর্যায়ে সিদ্দিককে ছুরি দিয়ে গলা ও পেটে আঘাত করে পালিয়ে যায়।