২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাজারে উঠেছে শীতের সবজি, ‘মিলছে সহনীয় দামে’

শেরপুরের বিভিন্ন বাজারে শীতের সবজির আমদানি বাড়তে শুরু করায় দাম কমতে শুরু করেছে বলে ব্যবসায়ী ও বিক্রেতারা জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 11:30 AM

Updated : 10 Oct 2022, 09:34 PM

জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- গোলা বেগুন, মূলা, লাউ শাক, লাউ, কুমরা, পটল, পেঁপে, শসা, মিষ্টি লাউ, করলা, বরবটি, চিচিঙ্গা, ঝিঙা ও ফুলকপিসহ বিভিন্ন ধরনের শীতের উঠতে শুরু করেছে।

শেরপুর ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন সাতপাকিয়া কাঁচা বাজারে কথা হয় পাইকারী -খুচরা ব্যবসায়ী এবং সবজি বিক্রি করতে আসা কৃষক ও ক্রেতাদের সঙ্গে।

তারা জানালেন, এক সপ্তাহ আগে শাক-সবজির দাম ‘কিছুটা বেশি’ ছিল, এখন মৌসুমের নতুন শাক-সবজি বাজারে আসা শুরু হওয়ায় দামও ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসছে ।

ঝিনাইগাতীর সবজি ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, “মূলা শাকের এক আঁটির আগে দাম ছিল ১৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। চারটি লাউ ডগার আঁটি এখন ১৫ টাকায় বিক্রি হচ্ছে; যা আগে ছিল ২০ টাকা।”

ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বেগুন চাষি উজ্জ্বল মিয়া ও সুলতান মিয়া জানান, গোল বেগুনের দাম কমে প্রতিকেজি ৬০ টাকা হয়েছে, আগে দাম ছিল ৭০/৮০ টাকা।

সাতপাকিয়া গ্রামের লেবু মিয়া বলেন, “একটি লাউ বিক্রি হচ্ছে ২৫/৩০ টাকায় তিন/চার দিন আগে ওই লাউ বিক্রি হয়েছে ৪০/৫০ টাকায়। আর পাইকারী বাজারে একশ লাউ এখন ২২শ টাকায় বিক্রি হচ্ছে।“

স্থানীয় আরেক কৃষক সুলতান মিয়া জানালেন, প্রতি কেজি কচুর লতি আগে ৮০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৬০ টাকা।

আর এক সপ্তাহ আগে যে ফুলকপি বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকা এখন তা ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান কৃষক হাবিবুর রহমান।

তিনি আরও বলেন, “ঝিঙা, চিচিঙ্গাসহ অন্যান্য সবজি দামও আগের চেয়ে কমেছে। এ গুলোর প্রতি কেজির দাম ৪০ টাকার মধ্যে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায়।”  

ডাকপাড়া গ্রামে কথা হয় শসা চাষি আব্দুল আজিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, “দেশি শসা আগে বিক্রি হয়েছে ৬০ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ৪০ টাকা। পটল ছিল প্রতিকেজি ৫০টাকা এখন ৪০টাকা।”

ডাকপাড়া গ্রামের কৃষক মোজাহার আলী জানান, একশ মিষ্টি লাউ ৩২শ টাকায় পাইকারী বাজারে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে প্রতিটি মিষ্টি লাউ ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

তবে বাজারে ‘ছোট করলার দাম একটু বেড়েছে’ বলে ডাকাপাড়ার কাঁচামাল ব্যবসায়ী আশকর আলী জানালেন।

ছোট করলার আগে দাম ছিল ১৬ শ/থেকে ১৪ শ টাকা মণ; এখন তা বেড়ে হয়েছে ২২শ টাকা মণ। আর  লম্বা করলা বিক্রি হচ্ছে ১৪ শ টাকা মন দরে। 

আর স্থান ভেদে খুচরা বাজারে প্রতি কেজি করলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।