২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেয়ারম্যান পরিচয়ে টাকা দাবি’, যুবক গ্রেপ্তার

গাজীপুরে এক উপজেলা পরিষদ চেয়ারম্যানের পরিচয়ে বিভিন্ন জনের কাছে ফোন করে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 10:17 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

গ্রেপ্তার রেজাউল করিম মোজাম্মেল (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বুধবার রাতে শ্রীপুর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতারণার অভিযোগে শামীমা আখতার নামে এক ব্যবসায়ীর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম প্রধানের পরিচয়ে তিনি বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা চেয়েছেন বলে অভিযোগে উঠেছে।

শ্রীপুর থানার এসআই শহীদুল ইসলাম মোল্লা বলেন, মোজাম্মেল নিজেকে শামসুল আলম প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করতেন।

“এছাড়া শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পরিচয়ে শ্রীপুরের ঠিকাদার তোফাজ্জল হোসেন শাহীন, শ্রীপুর বাজারের সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা, মতিনুর বেগম মালা ও রোজলিনা হকসহ কয়েকজনের কাছে বিকাশের মাধ্যমে বিভিন্ন অংকের টাকা দাবি করে আসছিল একটি চক্র।”

এসআই শহীদুল বলেন, এমন অভিযোগ শামসুল আলমকে জানানো হলে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শহীদুল বলেন, কয়েকদিন আগে শ্রীপুর কলেজপাড়ার স্মার্ট ফ্যামিলি মলের স্বত্ত্বাধিকারী শামীমা আখতারের কাছে প্রথমে শ্রীপুরে আওয়ামী লীগের জনসভা আছে বলে দুই হাজার টাকা নেয়। পরে আরও ১০ হাজার টাকা দাবি করলে তিনি বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেন। তখন উপজেলা চেয়ারম্যান তাকে থানায় জানানোর অনুরোধ করেন।

“পরে শামীম আখতার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এ ঘটনায় জড়িত মোজাম্মেল হোসেনকে আটক করা হয়।”

মোজাম্মেল মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানান এসআই শহীদুল।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান শামসুল আলম প্রধান বলেন, “আমার সুনাম নষ্ট করতে কোনো কুচক্রী মহল এমন ষড়যন্ত্র করে আসছে।”

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তার মোজাম্মেল উপজেলা পরিষদ চেয়ারম্যানের নাম পরিচয়ে টাকা আদায়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করা হয়েছে।