২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ, বিজিএমইএ-র বৈঠক

গাজীপুরের শ্রীপুরের বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে এক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 12:48 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

বুধবার সকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘দি ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং’ কারখানার শ্রমিকরা। এর প্রেক্ষিতে দুপুরের দিকে শ্রমিকসহ সংশ্লিষ্টদের বৈঠক বসে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ-এর নেতারা।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে।

মধ্যাহ্নর পর পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র সভাপতি রুবানা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরই মধ্যে আমরা ওই কারখানার শ্রমিক নেতাদেরসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের ব্যবস্থা নিয়েছি।”

দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং শ্রমিকরা কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকালে কারখানার পাঁচতাধিক শ্রমিক তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে উপজেলার মুলাইদ এলাকা থেকে মিছিল নিয়ে মাওনা চৌরাস্তা ঘুরে চার কিলোমিটার পদক্ষিণ করে কারখানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কারখানার খুলে দেওয়ার দাবি জানানো হয়।

ওই কারখানার শ্রমিক রাতুল, সোহেল, আনিছ ও মান্নান জানান, অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতনও ওভার টাইমের টাকা বকেয়া আছে তাদের।

রাতুল বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েক মাস ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের কথায় কোন কর্ণপাত করছে না।

“উল্টা অক্টোবরে কোন প্রকার নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করেছে।

“এতে কারখানার কয়েক হাজার শ্রমিক বিপাকে পড়ে যায়।”

মান্নান বলেন, “আমাদের তিন মাস, কারো চার মাসের বাড়ি ভাড়া বকেয়া আছে। দোকানে বাকীও আছে।

“কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন না দিলে আমরা বাড়ি ও দোকান বাকী পরিশোধ না করতে পারব না।”

সোহেল জানান, এসব বকেয়া শোধ না করে অন্য এলাকায় গিয়ে নতুন কারখানায় তাদের চাকরি নেওয়াও সম্ভব না।

সমাবেশে শ্রমিকেরা ঘোষণা করে, ‘যতক্ষণ বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়া না হবে ততক্ষণ আন্দোলন চলবে।’