২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবলীগ নেতার বিরুদ্ধে শপিং কমপ্লেক্স দখল চেষ্টার মামলা

ঢাকার সাভারের আশুলিয়ায় স্থানীয় এক যুবলীগ নেতা এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে একটি শপিং কমপ্লেক্সে ভাংচুর ও দখল চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 03:50 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

আশুলিয়ার বাইপাইল এলাকার ‘এম এ খান শপিং কমপ্লেক্সের’ মালিক এম এ খান বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন বলে আশুলিয়া থানার ওসি রিজাউল হক জানান। 

মামলার এজাহারে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মঈনুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে মার্কেটে লুটপাট, ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মঈনুলের সহযোগী রিয়াদ মোল্লা, হালিম শেখ ও আজগর আলীসহ অজ্ঞাত পরিচয় আরও ১২ জনকে এতে আসামি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মামলার বিবরণে বলা হয়, বাইপাইল এলাকায় ৩৯ শতাংশ জমি ক্রয় করে এম এ খান শপিং কমপ্লেক্স বানিয়ে বিভিন্ন কাঁচা-পাকা মালের আড়ৎদারদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন জমির মালিক।

কিন্তু যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুইয়া তার লোকজন নিয়ে ওই মার্কেট দখল করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে মার্কেটের আড়ৎদারদের মারধর এবং তাদের মালামাল লুটপাট করে করতেন।

এভাবে তারা মার্কেটের ২০ জন ফল ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় বলা হয়েছ।

ওসি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।   

এ বিষয়ে জানতে মঈনুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।