মাদারীপুরে কভার্ডভ্যান উল্টে চালকের সহকারী নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি কভার্ডভ্যান উল্টে পুকুরে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন; এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, হুগলি বিস্কুট কোম্পানির একটি কভার্ডভ্যান ভাঙা থেকে কাঁঠালবাড়ি ফেরিঘাটে যাচ্ছিল।
“পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয় এবং কভার্ডভ্যানে থাকা আরেক যাত্রী আহত হন।”
দুর্ঘটনার পরে কভার্ডভ্যান চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
