২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছেলেকে চুবিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুছেলেকে চুবিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 12:01 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

শ্রীপুর থানার পরিদর্শক আক্তারুজ্জামান জানান, রোববার সকালে বাথরুমে বালতির পানিতে ১৯ দিন বয়সী শিশুটির লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

নিহত আব্দুল্লাহ আল মাহাদী শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের বিজয় হাসানের (২৬) ছেলে।

বিজয়ের স্ত্রী শিশুসন্তান নিয়ে ভাংনাহাটি গ্রামে বাবার বাড়িতে ছিলেন। বিজয় শুক্রবার শ্বশুরবাড়ি যান।

শিশুর নানা মোফাজ্জল হোসেন বলেন, রোববার ভোরে শিশুটিকে বিছানায় না পেয়ে তার মা খোঁজাখুঁজি করেন। পরে বাথরুমের বালতির পানিতে তাকে চুবানো অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর বাবা বিজয় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেন নানা মোফাজ্জল।

“বিজয় নেশাগ্রস্ত এবং অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় বিজয় তাকে হত্যার হুমকি দিয়েছিল।”

শিশুর মৃত্যুর পর তারা বিজয় আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে বাবা বিজয়কে আটক করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিদর্শক আক্তারুজ্জামান।