২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘেঁষে স্থাপনা, ঝুঁকিতে বাসিন্দারা

মাগুরা পৌর এলাকায় 'হাই ভোল্টেজ' বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশ ঘেঁষে অসংখ্য ঘরবাড়ি ও মার্কেটসহ বহুতল ভবন গড়ে উঠেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 11:40 AM

Updated : 10 Oct 2022, 09:32 PM

সঞ্চালন লাইনে বিদ্যৎস্পৃষ্ট হয়ে ও আগুন লেগে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা; ফলে এ সকল স্থাপনায় বসাবাসকারীরা জীবনের ঝুঁকিতে রয়েছেন।

অনেক বাড়ি ও মার্কেটের ওপর দিয়ে ৩৩ হাজার কেভি ভোল্টেজের সঞ্চালন লাইনের খোলা তার বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা গেছে।

সমস্যা সমাধানে পৌর ও বিদ্যুৎ কর্তৃপক্ষের ও কোনো ইতিবাচক পদক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ। আর জেলা বিদ্যুৎ অফিস বলছে, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ লাইনের অন্তত ১০ ফুট ফাঁকা রাখার নিয়ম থাকলেও নির্মাণকারীরা তা মানছেন না।

শহরের স্টেডিয়াম পড়ার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, শহরতলীর সাজিয়াড়া এলাকায় বিদ্যুতের মূল স্টেশন থেকে ৩৩ হাজার কেভির উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার বিভিন্ন বাড়ির ছাদের ওপর দিয়ে শহরে প্রবেশ করেছে। এ তার থেকে গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে।

“সম্প্রতি সঞ্চালন লাইনে বিদ্যুতায়িত হয়ে শহরের পুলিশ লাইনস এলাকায় এবং শহরের স্টেডিয়াম এলাকায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া সঞ্চালন লাইনের তার থেকে আগুন লেগে শহরের স্টেডিয়াম পাড়ার একটি বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যায়। “

কর্তৃপক্ষ এসব বিদ্যুতের তার না সরালে বড় ধরনের দুর্ঘটনাসহ ব্যাপক প্রানহাণির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা আবদুল লতিফের। 

শহরের থানার সামনে পৌর মাকের্টের দর্জি শ্রমিক হাবিববুর রহমান বলেন, এ ভবনের তিন তলার কার্নিশ ঘেষে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন রয়েছে জেনেও জীবনে ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে এখানে কাজ করছেন।

তিনি বলেন, “একটু বাতাস হলে বিদ্যুতের খুঁটি থেকে ফুলকি পড়ে। আর বৃষ্টি হলেই তিন তলার গোটা ভবন বিদ্যুতায়িত হয়ে যায়।”

এসব বিষয়ে জানতে চাইলে মাগুরা বিদ্যুৎ বিভাগ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম বলেন, “শহরে হাই ভোল্টেজ বিদ্যুতায়িত হয়ে একাধিক মানুষ মারা গেছে। এছাড়া দুই একটি দুর্ঘটনা ঘটনা ঘটেছে।তাই ঘর নির্মাণ করার সময় জনগনকে সর্তক হতে হবে।”

ঘর বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ লাইনের অন্তত দশ ফুট ফাঁকা রাখার নিয়ম থাকলেও নির্মাণকারীরা তা মানছেন না বলেও অভিযোগ করেন তিনি।

পাশাপাশি বিদ্যুৎ লাইন থেকে যে দুর্ঘটনা ঘটছে, তা দেখার দায়িত্ব পৌরসভার দাবি করে তিনি বলেন, “বাড়িঘর নির্মাণের আগে পৌর কর্তৃপক্ষের এ সকল বিষয় দেখে অনুমোদন দেওয়া উচিত।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, “বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে বা নিচে যে সকল স্থাপনা নির্মাণ করা হয়েছে তা অপসারণ করা হবে।”