২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বর্শার আঘাতে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যৌতুক না দেওয়ায় বর্শার আঘাতে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2019, 09:48 PM

Updated : 18 Aug 2022, 05:53 PM

বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী জানান, শনিবার সকালে উপজেলার স্থলবল্লা পূর্বপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না আক্তার (২৭) উপজেলার কাশিল ইউনিয়নের শাহীনুর রহমানের স্ত্রী এবং ব্রাহ্মণপাড়িল এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মুন্নান মিয়ার মেয়ে। স্বপ্নার দুটি সন্তান রয়েছে।

স্বপ্নার বাবা মুন্নান মিয়া বলেন, “জমি বিক্রি করে টাকা না দেওয়ার কারণে স্বপ্নাকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে বর্শা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে হাসপাতালে নিয়ে যায়। পরে টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে আমাদের ফোন করে খবর দেয়। গিয়ে দেখি লাশ পড়ে আছে।”

এ সময় শাহীনুর বা তার পরিবারের কেউ হাসপাতালে ছিল না বলে তিনি জানান। তিনি তার মেয়ের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

ওসি তুহিন বলেন, “স্বপ্নাকে বর্শা দিয়ে তার স্বামী একাধিক আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তার শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ খুনি গ্রেপ্তারের চেষ্টা করছে।