খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফরিদপুরে সভা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফরিদপুরে সমাবেশ সভা হয়েছে।
শহরের হাবিলি গোপালপুর এলাকায় শুক্রবার রাতে ওই আলোচনা সভায় তার দ্রুত রোগমুক্তি কামনা করে মোনাজাতও করা হয়েছে।
সভায় বিএনপি নেতারা, সু-চিকিৎসার ব্যবস্থা করে বেগম খালেদা জিয়াকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ৭৪ বছর বয়সী খালেদাকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল থেকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে।
সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত মিলে খালেদার বিরুদ্ধে এখন ১৭টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় (জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা) জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে তার আইনজীবীদের ভাষ্য।
বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে গত বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, প্রধানমন্ত্রী আদালতের বিষয় বলেছেন। আদালদের জামিন বিষয়টা মূল। বলেছেন, আদালতে জামিন না হলে কীভাবে দেখব?”
ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আবজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আলী আজম, যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ফরিদপুরে ওই সভা শেষে বিএনপির নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
