২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের ঢোল’ কণ্ঠে নিয়ে শচীনের জন্মদিন পালিত

কালজয়ী সংগীত শিল্পী শচীন দেব বর্মণের ১১৩তম জন্মদিন পালিত হয়েছে কুমিল্লায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 04:05 PM

Updated : 10 Oct 2022, 09:27 PM

মঙ্গলবার সকালে কুমিল্লা শহরের উত্তর চর্থায় তার পৈত্রিক বাড়ির সামনে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

এরপর নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমী, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, শচীনের শিক্ষাপ্রতিষ্ঠান ইউসুফ হাইস্কুলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীতের এই শিল্পী এস ডি বর্মণ নামেও পরিচিত। শতাধিক বাংলা ও হিন্দি সিনেমার সংগীত পরিচালক ও সুরকার শচীনের জন্ম কুমিল্লায়।

ত্রিপুরা রাজ পরিবারের এই সন্তান গত শতাব্দীর দুইয়ের দশকে কলকাতা বেতারে গায়ক ও সুরকার হিসেবে তার পেশা জীবন শুরু করে। তার গানে বাংলা লোকসুরের প্রভাব দেখা যায়।

১৯২৩ সালে তার বাবার মৃত্যুর পর রাজ পরিবারের সদস্য হিসেবে সুবিধা না নিয়ে সংগীতকে পেশা হিসেবে বেছে নেন তিনি। পরে মুম্বাইয়ে ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে প্রভাবশালী সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান এই শিল্পী।

কুমিল্লায় তার ১১৩তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত সবাই তার কালজয়ী গান ‘তাক ডুম তাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল’ সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর কুমিল্লায় শচীন মেলার উদযাপনের প্রস্তুতি চলছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।