কিশোরগঞ্জে বাসচাপায় আইনজীবী নিহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাসের চাপায় মোটর সাইকেল আরোহী একজন আইনজীবী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহেন শাহ (৩২) কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে ফাড়িঁর ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার বলেন, কিশোরগঞ্জ জেলা সদরে আদালতে যাওয়ার জন্য মোটর সাইকেলে করে বাড়ি থেকে রওনা হন শাহেন।
“পথে অনন্যা সুপারের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহেন মারা যান।”
নাসির বলেন, দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাসটিতে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে উপজেলা আওয়ামী লীগ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নাসির জানান।
