২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গ্রেপ্তার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে ‘মাদক মামলার দুই আসামি’ গ্রেপ্তার হওয়ার পর পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 10:51 AM

Updated : 18 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী সাপমারায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য।

নিহত মোহাম্মদ আমিন বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার উলা মিয়ার ছেলে। আর হেলাল উদ্দিন ওরফে সুমন ওই ইউনিয়নের মৌলভী পাড়ার নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ বলছে, তারা দুজনেই ‘মাদকের কারবারে’ জড়িত ছিল এবং টেকনাফ থানায় তাদের নামে ‘একাধিক মামলা’ রয়েছে।

ওসি প্রদীপ বলেন, পুলিশের একটি দল সোমবার রাতে উত্তর শিলখালী এলাকা থেকে পলাতক আসামি হেলাল ও আমিনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উত্তর শিলখালী সাপমারা এলাকার পাহাড়ের পাদদেশে ‘অস্ত্র ও ইয়াবার মজুদ’ রাখার তথ্য দিলে তাদের নিয়েই পুলিশ ভোরের দিকে সেখানে অভিযানে যায় বলে ওসির ভাষ্য।

তিনি বলেন, “সেখানে পৌঁছানো মাত্র তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর হেলাল ও আমিনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, এ অভিযানে পাঁচ হাজার ইয়াবা, দুটি বন্দুক ও সাত রাউন্ড গুলি পাওয়া গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।