৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি সচল
আট ঘণ্টা পর শনিবার দুপুর ১টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস সচল হয়েছে।
এর আগে নাব্যতা সংকটে ভোর ৫টায় ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায় বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন।
এতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে দেড় শতাধিক যান।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে স্রোতের সাথে পলি এসে পদ্মার বিভিন্ন অংশে ডুবো চর সৃষ্টি হয়েছে।
“এর ফলে শনিবার ভোর ৫টা থেকে যানবাহন নিয়ে কয়েকটি ফেরি আটকে পড়ে এবং উদ্ধারকারী জাহাজ কয়েক ঘণ্টা চেষ্টার পর সেগুলো উদ্ধার করে।
“এখন আটটি ড্রেজারের দিয়ে পলি অপসারণের কাজ চলছে।”
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক এস এম আজগর আলী জানান, তিনটি রো-রো ফেরি ছাড়া সবগুলো ফেরি চলাচল করছে।
“শনিবার সোজা চ্যানেলে পানি খুবই কম তবুও এ চ্যানেলটি দিয়েই ফেরি চলাচল করছে।”
ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানান, রোববার বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে।
