রংপুরে বিআরটিসির বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত
রংপুরে বিআরটিসির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় বাসচালকসহ ১১ জন আহত হয়েছেন ।
রংপুর থানার ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ উপজেলার বামনদিঘী বাজার মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহত চালকের নাম-ধাম বলতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রংপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি পঞ্চগড়ের দিকে যাচ্ছি। এ সময় বিপরীত দিক থেকে আসা সবজিবাহী একটি মিনি ট্রাক একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের দিক দুমড়ে-মুচড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন।
সার্জেন্ট ইমতিয়াজ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচালকের মৃত্যু হয়।
আহতরা হলেন মোনালিসা (২৪), বৃষ্টি (২০), শিউলি (৪০), সালেহা (৫৫), হালিমা (৪৯), শাহানাজ পারভীন (৪০), আখিঁ (৩০), ইতি (৩০), রাফিয়া মনি (৭), মোশাররফ (৩৫) ও প্রশান্ত (১৮)।
তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সার্জেন্ট ইমতিয়াজ হোসেন।
