২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে প্রতিমা ভাংচুরের অভিযোগ

পঞ্চগড়ে একটি কালি মন্দির থেকে দুটি প্রতিমার মাথা ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2019, 12:08 AM

Updated : 18 Aug 2022, 05:46 PM

সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ জানান, সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের গেদিপাড়া মন্দির কমিটির অভিযোগ পেয়ে তারা শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি ধনেশ চন্দ্র রায় অভিযোগ করেন, সকালে ভক্তরা পূজা দিতে গিয়ে শিব ও কালি প্রতিমার মাথা ভেঙে মন্দিরের বাইরে ফেলে রাখা দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

“প্রায় ২০ বছর ধরে এখানে পূজা হয়। কখনও এমন ঘটনা ঘটেনি। এ নিয়ে আমাদের মধ্যে কিছুটা ভয় কাজ করছে। এজন্য থানায় অভিযোগ দিয়ে প্রতিকার চাওয়া হবে।”

স্থানীয় দিলীপচন্দ্র রায় বলেন, “প্রতিবেশী গ্রামের মুসলমানরাও আমাদের পূজা-অর্চনায় সাহায্য করে থাকে। কিন্তু কারা বা কেন এটা ঘটাল আমরা বুঝতে পারছি না।”

ঘটনা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আবু আক্কাছ আহমদ।