২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক পরিবারে ৫ প্রতিবন্ধী, সরকারি ভাতা পান একজন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের দিনমজুর রায়হান মিয়ার পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজনই বাক প্রতিবন্ধী।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2019, 07:16 PM

Updated : 08 Apr 2022, 04:41 PM

তার স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে বাক প্রতিবন্ধী। তিনিই শুধু কথা বলতে পারেন।

প্রতিবন্ধীদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকলেও এই দরিদ্র পরিবারটি সেসবের কিছুই পায় না। প্রতিবন্ধী হিসেবে এই পাঁচজনেরই সমাজসেবা অধিদপ্তরের পরিচয়পত্র রয়েছে। সম্প্রতি পরিবারের এক সদস্যের জন্য একটি কার্ড করা হলেও বাকিদের জন্য কিছুই করা হয়নি।

ভুমিহীন দিনমজুর রায়হানের একার রোজগারে এই পরিবারটির ভরণপোষণ হয়।

সরেজমিনে জানা যায়, রায়হান মিয়ার স্ত্রী একই গ্রামের আসকর আলীর মেয়ে বাক প্রতিবন্ধী কলফী বেগম। তাদের চার সন্তান লিমা খাতুন (১৩), জাকিয়া খাতুন (১১), ওমর আলী (৯) ও এমরান আলী (৬)। তারা সবাই বাক প্রতিবন্ধী।

রায়হান মিয়া বলেন, তার পরিবারের কোনো সদস্যের ভিজিডি, ভিজিএফ বা প্রতিবন্ধী ভাতা কার্ড নেই। এছাড়া এই উপজেলায় তিন দফায় প্রধানমন্ত্রীর দপ্তারের ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর ঘর নির্মাণ করে দিলেও তিনি পাননি।

“দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীর প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য এলাকার মেম্বার ও চেয়ারম্যানদের বাড়ি বাড়ি যে কতবার গিয়েছি! কিন্তু টাকা ছাড়া কেউ কোনো ভাতার কার্ড করে দেন না। কিন্তু আমি তো অন্যের জমিতে দিন মজুরি করে সংসার চালাতেই হিমসিম খাচ্ছি। তাদের টাকা দিব কীভাবে!

টাকার অভাবে একটা থাকার ঘরেই ঠিক করতে পারি নাই। সেই ভাঙ্গা ঘরে গাদাগাদি করে সকাই বসবাস করি।”

তিনি আরও জানান, সম্প্রতি বহু ধারদেনা করে ছয় হাজার টাকা ব্যয় করে বড় মেয়ে লিমার একটি প্রতিবন্ধী ভাতা কার্ড করতে পেরেছেন তিনি।

এ ব্যাপারে ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাব্বি আব্দুল্যাহ রিয়ন বলেন, প্রতিবন্ধী ভাতা কার্ড বরাদ্দ কম। তাই দেওয়া সম্ভব হয় নাই।

“আমার আগের চেয়ারম্যান তার বড় মেয়েকে একটি কার্ড করে দিয়েছেন। সুযোগ পেলে পরবর্তীতে বাকিদের ভাতার কার্ড করে দেব।”

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ-খবর নিয়ে তাদের ভাতার কার্ড করার ব্যবস্থা করা হবে।”