বগুড়ায় ২ দুর্ঘটনায় চারজনের প্রাণহানি
বগুড়ায় শেরপুর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষের পর দুই চালক ও এক সহকারী এবং বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার ভোরে ও সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান।
নিহতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে ট্রাকের চালক হাফিজুর (৪০ ), ঠাকুরগাঁও জেলার হাজিপাড়ার ট্রাক চালক কামাল হোসেন (৪৫), ট্রাক চালকের সহকারী একই জেলার পূর্ব নারায়ণপুরের রিফাত (৩০) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার উলিপুর গ্রামের মৃত বুলুর স্ত্রী আমেনা (৫০) ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মণ্ডল বলেন, ঢাকা থেকে রড বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এ সময় দুই ট্রাকের চালক এবং এক চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।”
এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কলেজ রোড়ে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় আমেনা বেগমের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ময়নাতদন্তের জন্য লাশ জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
