রংপুরে প্রয়াত নেতার বাড়িতে বিএনপি মহাসচিব
রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে তিনি নগরীর শালবন এলাকায় প্রয়াত এ নেতার বাড়ি যান।
এ সময় ফখরুল বলেন, “মোজাফফর হোসেন রংপুরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখানকার মানুষ তাকে চিরদিন স্মরণ রাখবে। রাজনীতি করতে গিয়ে তিনি গুম হয়েছিলেন। তার কোনো লোভ লালসা ছিল না। তার মৃত্যুতে দলের ক্ষতি হয়েছে।”
মামলার কারণে তিনি মোজাফ্ফরের জানাজায় শরীক হতে পারেননি বলে জানান।
এ সময় ফখরুল আসন্ন রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন নিয়েও কথা বলেন।
উপনির্বাচনের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়েছে।
আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।
রংপুর-৩ আসনের উপনির্বাচলে প্রয়াত মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ফখরুল কোনো মন্তব্য করেননি।
সাংবাদিকরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি এখানে রাজনীতি করতে আসি নাই। আমি এখানে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসেছি।”
এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের কবর জিয়ারত করেন। তিনি প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, দলের রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহামেদ, মহানগর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামু প্রমুখ।
