ফরিদপুরে বাসচাপায় শিশু নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আলিফ মোল্যা (৪) ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটো মোল্যার ছেলে।
স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস আলিফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলার সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফএম মহিউদ্দিন জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে গাড়ি চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান তিনি।
