ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যের ভাতিজা নিহত
ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের হামলায় এক ইউপি মেম্বারের ভাতিজা নিহত হয়েছেন।
নিহত সাইদুল ইসলাম (৩২) উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামের এজাহার আলীর ছেলে।
ওই ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখের আহম্মেদ সিদ্দিকী জানান।
এ ঘটনায় আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, পূর্ব বিরোধের জেরে বর্তমান ইউপি সদস্য রিপুল ইসলামের ভাতিজা সাইদুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মোকতুল হোসেনের ছেলের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
“এর জেরে মোকতুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এ সময় সাইদুলসহ বেশ কয়েকজন আহত হয়।”
সাইদুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
