যমুনায় ডোবা স্কুলছাত্রের লাশ উদ্ধার, ভাই এখনও নিখোঁজ
যমুনা নদীতে নেমে নিখোঁজ বগুড়া শাহীন স্কুলের নবম শ্রেণির ছাত্র ওমর আলীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন জানান, রাজশাহী থেকে আসা ডুবুরিদল শনিবার বেলা ১১টার দিকে ওমর আলীর (১৫) লাশ উদ্ধার করে।
“তবে তার ছোট ভাই একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হাসান (১২) এখনও নিখোঁজ রয়েছে।”
শুক্রবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে ফুটবল খেলছিল তারা। এক পর্যায়ে বল নদীতে পড়ে গেলে তুলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় ওমর আলী ও জাহিদ হাসান।
তারা বগুড়া শহরের আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে।
