পাওনা নিয়ে বিবাদে সাতক্ষীরায় এক ব্যক্তি নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দেনা পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি বাজারে বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানার ওসি অনিমেষ হালদা জানান।
নিহত আমিরুল ইসলাম (৪০) পার্শেমারি গ্রামের নাটা গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম ও আমিনুর রহমান বলেন, আমিরুলের সঙ্গে ওই এলাকার ওয়াজেদ জোয়ারদারের ছেলে রবিউল জোয়ারদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বুধবার রাতে পার্শেমারি বাজারের একটি চায়ের দোকানে দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রবিউল লাঠি দিয়ে আমিরুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা আমিরুলের লাশ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
