গোপালগঞ্জ সদরের বিজয়পাশা-তালাহাট সড়কের ৬ কিলোমিটার বেহাল
দীর্ঘদিন সংস্কারহীন থাকায় গোপালগঞ্জের মুকসুদপুর সদর উপজেলার বিজয়পাশা-তালাহাট সড়কের সাড়ে ছয় কিলোমিটার অংশ বেহাল পড়ে আছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে ওই এলাকার দশ গ্রামের মানুষ।
সরেজমিনে দেখা যায়, সড়কটি ভাঙ্গাচোরা আর খানাখন্দে ভরা; কোথাও পিচ উঠে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিকল্প সড়ক না থাকায় যাতায়াত ও পণ্যপরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সদর উপজেলার বিজয়পাশা, সুলতানশাহী, কেকানিয়া, তালা, পাইককান্দি, পুখরিয়া, ঘোড়াদাইড়, জয়নগর, উরফি ও নড়াইল জেলার যোগানিয়া গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের ওই সড়কে প্রতিদিন ছোটখাট দুর্ঘটনাও ঘটছে।
বিজয়পাশা গ্রামের মো. ঝন্টু মোল্লা বলেন, বিজয়পাশা-তালাহাট সড়কের মাথায় ঘোড়াদাইড় ও পুখরিয়া গ্রামের মধুমতি নদীর তীরে প্রায় ৬০টি ইটভাটা গড়ে উঠেছে। এ সড়ক দিয়ে এসব ভাটার ইট ট্রাকে বোঝাই করে দিনে ও রাতে সমানে পরিবহন করা হয়।
বিজয়পাশা গ্রামের আব্দুল আলী শেখ বলেন, “দীর্ঘ পাঁচ বছর ধরে এ সড়কে এ দশার সৃষ্টি হয়েছে।হাঁটতে গেলে হোঁচট খেতে পড়তে হয়। কোনো সুস্থ মানুষই এ সড়ক দিয়ে চলাচল করতে পারে না, রোগী বা প্রসূতিকে নিয়ে যাতায়াত করা তো সুদূর পরাহত ব্যাপার।”
সদর উপজেলার চর চন্দ্রদীঘলিয়া গ্রামের ইমদাদ মোল্লা বলেন, শুস্ক মৌসুমে এ সড়কে প্রচুর ধুলা উড়ে। মুখে রুমাল চেপেও রক্ষা হয় না; আর বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি ও কাদা জমে মরণফাঁদ তৈরি হয়।
বিকল্প সড়ক না থাকায় দশ গ্রামের মানুষ বাধ্য হয়েই এ সড়ক দিয়ে যাতায়াত করছেন।”
তালা গ্রামের গৃহবধূ রুমানা বেগম বলেন, “শুস্ক মৌসুমে বাড়ি ঘর রাস্তার ধূলায় একাকার হয়ে যায়। এ ধূলায় আমাদের হাচি, কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। ধূলা থেকে রক্ষা পেতে দ্রুত এ সড়কের সংষ্কার প্রয়োজন।”
রাস্তা ঠিক হলে আবার সুদিন ফিরবে বলে আশা তালেবের।
বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরিফুল আলম বলেন, ইতোমধ্যে এ সড়কের কাজের টেন্ডার সম্পন্ন করা হয়েছে। প্রায় ২২ কোটি টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ বিজয়পাশ-তালা সড়ক নতুন করে নির্মাণ করবে।
কোরবানী ঈদের পরই এ সড়কের কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, সড়ক সংষ্কারের পর ১০ গ্রামের মানুষ যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
