বগুড়ায় পৌর মেয়রের গাড়িতে ফেনসিডিল, চালকসহ গ্রেপ্তার ৩
বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস সাত্তারের সরকারি গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধারের পর চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ১ অগাস্ট এ ঘটনা ঘটলেও বিষয়টি এতদিন গণমাধ্যমে আসেনি।
আটকরা হলেন বগুড়ার শেরপুরের তালতা গ্রামের মৃত আফসার আলীর ছেলে মেয়রের ব্যক্তিগত গাড়িচালক নুর আলম মুন্নাফ (২৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিয়ার গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে নুরুজ্জামান নুরু (৩৫) ও হাকিমপুরের বোয়ালদাড় গ্রামের আজিজার রহমানের ছেলে আতিকুর রহমান (২৬)।
পুলিশ জানায়, গত ১ অগাস্ট নুর আলম মুন্নাফ মেয়রের সরকারি গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে গাজীপুরের কোনবাড়িতে র্যাবের হাতে গ্রেপ্তার হন। তার সঙ্গে ওই গাড়িতে ছিলেন নুরুজ্জামান নুরু ও আতিকুর রহমান।
গাড়িসহ ওই তিনজন আটক করার পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গাড়িটি কোনাবাড়ি থানায় আটক রয়েছে বলে গাজীপুরের কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান।
কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাফিউল ইসলাম জানান, আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি বলেন, দীর্ঘদিন ধরে এ গাড়িতে হিলি সীমান্ত থেকে মাদক এনে পাচারের অভিযোগ রয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতা দুবছর আগে ওই গাড়ির ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এ ব্যাপারে পৌরসভার মাসিক সভায় মেয়রকে সতর্ক করা হলেও কাজ হয়নি।
“ওই গাড়ি ফেনসিডিলসহ ধরা পড়ায় খবর জানার পরে মেয়রকে পৌরসভার গাড়িটি কোথায় জিজ্ঞাসা করা হয়। তিনি শুধু বলেন গাজিপুরের কোনাবাড়ি থানায় গাড়িটি আটক রয়েছে।”
মেয়র আব্দুস সাত্তার বলেন, “আমার স্ত্রীর অসুস্থতার কারণে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার ড্রাইভার নিয়ে আসে। ড্রাইভার পরে গাড়ি মেরামত করার কথা বলে। এরপর ড্রাইভারকে ফোন দিলে সে ফোন ধরেনি। পরে আমি নিজেই অন্য গাড়িতে করে চলে এসেছি।”
তিনি জানান, মুন্নাফ পৌরসভার মাস্টার রোলের ড্রাইভার এবং তার দূর সম্পর্কের নাতি হয়।
