মাগুরায় পুলিশ দেখে নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ আ.লীগ নেতার লাশ উদ্ধার
মাগুরায় গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল মোল্লা মঙ্গলবার বিকেলে কুমার নদে নিখোঁজ হন।
আমিরুলের ভাই বাহারুল মোল্লা জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীকোল বাজার এলাকায় কুমার নদ থেকে খুলনার ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।
বাহারুলের অভিযোগ, “মাঝ নদীতে গিয়ে আমিরুল হাত উঁচু করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল। কিন্তু এসআই ওলিয়ার নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে লগি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে ডুবিয়ে দেন।
অমিরুলকে নির্দোষ দাবি করে বাহারুল বলেন, “গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার ভাইয়ের নামে শ্রীপুর থানায় মামলা দিয়েছে।”
তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “অভিযুক্ত এসআই ওলিয়ারকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
