২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত

বগুড়ার গাবতলী উপজেলায় উসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 11:52 PM

Updated : 10 Oct 2022, 09:17 PM

বাগবাড়ী নশিপুরে মঙ্গলবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘সোনার তরী নৌকা’।

সরেজমিনে দেখা গেছে, বাগবাড়ী নশিপুর বাজারের পাশের দিগন্তজোড়া ফসলি মাঠ। এবার বাঙ্গালী নদীর পানি বৃদ্ধির পর সেই মাঠ ডুবে গেছে। সেখানেই আয়োজন করা হয়েছিল নৌকা বাইচ।

গাবতলী, ধুনট, সারিয়াকান্দির নারী-পুরুষসহ সব বয়সী মানুষ নৌকাবাইচ দেখতে ভিড় জমায়।

দুপুর একটা থেকেই প্রতিযোগী নৌকাগুলি আসতে শুরু করে। বিকাল ৫টায় প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় সারিয়াকান্দি উপজেলার ডুমকান্দি গ্রামের নৌকা। ধুনট উপজেলার নাংলু এলাকার নৌকা। গাবতলী উপজেলার নশিপুর এলাকার নৌকা এবং শাজাহানপুর উপজেলার নৌকা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ধুনটের নাংলুর জাহিদুল ইসলামের সোনার তরী নৌকা।

২য় স্থান অধিকার করে নৌরাজ নৌকা।

প্রথম স্থান অধিকারী জাহিদুল ইসলাম বলেন, “নৌকা বাইচে অংশ নেওয়া আমার শখ। আমি খবর পেলেই সেখানে নৌকা নিয়ে হাজির হই। এ পর্যন্ত ১০টি প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আগের নৌকা পালটে এবার আড়াই লাখ টাকা দিয়ে সোনার তরী বানিয়েছি। মোট ৫৬ জন মাঝিমাল্লা এবং ডাঙ্গা ও জারিগান গাওয়ার লোক রয়েছে আমার নৌকায়।”

আয়োজক বাগবাড়ী নশিপুরের উজ্জ্বল মন্ডল বলেন, বছরের যখনই বন্যা হয় তখনই আয়োজন করি নৌকা বাইচের। পেটের খাবার বন্যা শেষ করে দিলেও মনের তো একটা খাবার আছে। সেকারণেই আয়োজনটা করা হয়। নৌকা বাইচ দেখতে কমপক্ষে ১০ থেকে ১৫ হাজার নারী পুরুষ শিশু আসে। তাদের মনের খোরাক তো মেটে।

এবার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সোনার তরী একটি গরু পেয়েছে। দ্বিতীয় নৌরাজ একটি খাসি পেয়েছে। ৩য় পুরস্কার দেওয়া হয়েছে একটি টেলিভিশন।