হবিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জন্তরী গ্রাম ও দত্ত গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকাল ৮টার দিকে উপজেলার করগাও ইউনিয়নের জন্তরী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে তামান্না আক্তার (৩) বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, পরে বাড়ির লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামে মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমানের (২) মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ইকবাল হোসেন জানান, পরিবারের সকলের অগোচরে বাড়ির কাছের একটি পুকুরে পড়ে যায় আব্দুর রহমান।
“পরে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
