২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় একজনকে হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

খুলনায় একজনকে হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 07:00 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বিশেষ দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরো মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনার  দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আবুল কাশেম, কুববাত মুন্সী, ফারুক মোল্লা, মনজুরুল শিকদার, মো. ইরান, আবু তালেব, হুমায়ুন খাঁ, কবির মোল্লা, সাতক্ষীরার দেবহাটা উপজেলার আবদুল গফফার ও খলিলুর রহমান।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাবিব ও মিঠুন নামে দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

ওই আদালতের পিপি আরিফ মাহমুদ লিটন মামলার নথির বরাতে জানান, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর পদ্মবিলা মাঠে গলাকাটা অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী আলতু মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে নিখোঁজ হন তিনি।

এ ঘটনায় ১৮ ডিসেম্বর নিহতের ভাতিজা আলমগীর হোসেন মোল্লা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৬ মে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই ফজলুল কবীর।

পিপি আরিফ বলেন, সাক্ষ্য-প্রমাণে ১০ জনকে দোষী সাব্যস্ত করে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই আদালত দুইজনকে খালাস দিয়েছে।