২১ অগাস্ট হামলা: গাজীপুরে ফাঁসির আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির আসামিসহ দুইজনের মৃত্যু হয়েছে।
কারা সুপার মো. শাহজাহান জানান, শনিবার সন্ধ্যার পর ও শুক্রবার মধ্যরাতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন হুজি সদস্য সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইয়াহিয়া (৬৩) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের ফজর আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪০)।
কারা সুপার বলেন, ইয়াহিয়া ঢাকায় ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির আসামি। এছাড়া রমনা বটমূলে বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ২০১২ সাল থেকে কাশিমপুর হাইকিসিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে কারা হাসাপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
অপরদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে ইসলাম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, “দুইজনকেই মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।”
