২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর মেয়রের সচিব স্ত্রী-ভাগনিসহ ডেঙ্গুতে আক্রান্ত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একান্ত সচিব, সচিবের স্ত্রী ও ভাগনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 10:22 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

সচিব সেলিম শেখ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিনজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার তিনি তার শরীরে ডেঙ্গু রোগের উপসর্গ দেখতে পান জানিয়ে বলেন, পরে হাসপাতালে গিয়ে চিকিৎকের পরামর্শ নেন।

“পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। এরপর আমার স্ত্রী ও ভাগনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে কখন কোথায় এ রোগে আক্রান্ত হয়েছি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমি বুধবার হাসপাতালে ভর্তি হই। আর স্ত্রী ও ভাগনি ভর্তি হয় শুক্রবার।”

এদিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিকই ডেঙ্গু রোগী আসছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, জানুয়ারি থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

“বর্তমানে প্রায় অর্ধশত রোগী হাসপাতালে আছেন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর পাশাপাশি ডায়ারিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী প্রতিদিনই এ হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।”