২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত

গাজীপুরের শহরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 09:57 AM

Updated : 10 Oct 2022, 09:17 PM

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মো. কামরুজ্জামানের ভাষ্য।

নিহত নজরুল ইসলাম নজু (৪০) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের এক ডজন মামলা রয়েছে থানায়।

র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল রাতে পূবাইল এলাকায় অভিযানে যায়।

“এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নজু গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ নজুকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসপি কামরুজ্জামান।

তিনি বলেন, এই অভিযানে প্রবীর গাজী নমে র‌্যাবের একজন সৈনিকও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি শটগান, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং আড়াই হাজার ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।