দেড় বছর ধরে হাজতে থাকা ভারতীয়কে এক বছরের সাজা
বিনা পাসপোর্টে বাংলাদেশে আসায় এক ভারতীয়কে নাটোরের আদালত এক বছরের সাজা দিয়েছে; যিনি দেড় বছর ধরে আটক রয়েছেন।
নাটোরের বিচারিক আদালতের সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম জানান, আটক জতেনদর দাস (২৫) ভারতের ভাগলপুর জেলার লদিপুর থানার উস্ত গ্রামের সিতারাম দাসের ছেলে।
বৃহস্পতিবার নাটোরের বিচারিক হাকিম মেহেদী হাসান তাকে এক বছর সশ্রম কারাদণ্ড দেন।
কৌঁসুলি রফিকুল বলেন, ২০১৭ সালের ১৮ নভেম্বর বাগাতিপাড়া থানার পুলিশ ছাতিয়ানতলা বাজার থেকে তাকে আটক করে।
“সেই হিসাবে তিনি নির্ধারিত সাজার চেয়ে আরও প্রায় আট মাস বেশি সাজা খেটেছেন। আদালত তাকে এই মুহূর্তে মুক্তি দিতে পারে। কিন্তু কারাগার থেকে বের হলে পুলিশ আবার তাকে গ্রেপ্তার করবে। কারণ তার পক্ষে কোনো জামিনদার নাই।”
এ ব্যাপারে তিনি ভারতীয় হাইকমিশন ও মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
