ধারের টাকা শোধ করতে না পারায় ইটের আঘাত, বাবার মৃত্যু
খুলনায় ছেলের ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি তার ওই সন্তানের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. সাব্বির উল আলম জানান, নগরীর খালিশপুর থানার রমজানের ব্রিজ এলাকায় ওবায়দুর রহমান মুসল্লী (৬৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
ওবায়দুরের ছেলে নাইস মুসল্লী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে
ওসি বলেন, ওবায়দুর তার ছেলে নাইসের কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন। তিনি দুই হাজার টাকা শোধ করলেও এক হাজার টাকা বাকি ছিল। বুধবার রাতে নাইস তার বাবার কাছে পাওনা এক হাজার টাকা দাবি করেন। এ সময় ওবায়দুর তিনি ওই টাকা দিতে না পারায় ছেলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে ওবায়দুর নাইসকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় নাইস একটি ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। পরে তাদের উদ্ধার করে হাপাতালে চিকিৎসার পর বাসায় আনা হয়।”
সকালে ওবায়দুরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।
