কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত, ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক বিক্রেতা বলছে বিজিবি। ঘটনাস্থল থেকে করা হয়েছে ২০ হাজার ইয়াবা ও অস্ত্র।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, বুধবার ভোরে উপজেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায়।
বিজিবি বলছে, ইব্রাহিম একজন ‘চিহ্নিত মাদক বিক্রেতা’। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
ফয়সল বলেন, ইয়াবা বড় একটি চালান পাচার হওয়ার খবরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে একটি অটোরিকশাকে থামার নির্দেশ দিলে ভেতর থেকে ৩/৪ জন লোক বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।
“এক পর্যায়ে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ”
বিজিবির এ কর্মকর্তার ভাষ্য, গোলাগুলির সময় তাদের দুই সদস্য আহত হলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে বিশ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, একটি অটোরিকশা, দুইটি গুলি ও দুইটি কিরিচ দা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
