২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে লুব্রিকেন্ট প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার সাভারে পোড়া লুব্রিকেন্ট প্রক্রিয়াকরণের এক কারখানায় গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 05:06 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচড় এলাকার নাসরিন অটোমোবিল নামের কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার থানার এসআই নাজমুল হক।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ বলেন, কারখানাটিতে পোড়া মোবিল (লুব্রিকেন্ট) রিফাইন করা হত। এলপিজি গ্যাস সিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন অক্সিজেনের বোতলে লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার টিনের চাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

তিনি বলেন, “আগুন নেভানোর সময় বিষাক্ত গ্যাসে ফায়ার সার্ভিসের তিন কর্মী অসুস্থ হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”