মাগুরায় কলেজছাত্র লিসান হত্যায় গ্রেপ্তার ২
মাগুরায় কলেজ ছাত্র লিসান হত্যায় পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন শহরের নিজনান্দুয়ালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে রবিন (১৮) ও একই গ্রামের ফারুক হোসেনের ছেলে হাসান (১৮)।
মাগুরা শরহরতলীর শিবরামপুর মর্ডান মোড়ে রোববার দুপুরে ছুরিকাঘাতে লিসানকে হত্যার অভিযোগ ওঠে সোহেল নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় লিসানের বাবা রফিকুল ইসলাম ফকির ওইদিনই সোহেল, শামীম, রবিন ও হাসান নামে চার জনের নামে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সোমবার দুপুরে সদর থানায় গ্রেপ্তারকৃতদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় এসপি খান মুহাম্মদ রেজোয়ান বলেন, দেড়মাস আগে একটি মোটরসাইকেল কেনার জন্য বাবা রফিকুল ইসলাম কাছে আবদার করে লিসান। কিন্তু তার বাবা রাজি না হওয়ায় সহপাঠী বন্ধু শামীমের সাথে আত্মগোপন করেন লিসান। মোবাইল ফোনে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি পেলে দুই দিন পর বাড়িতে ফিরে আসেন লিসান। এ সময় লিসানকে শাসন করার পাশাপাশি লিসানের বাবা শামীমকেও মারধর করেন। এ নিয়ে লিসান ও তাদের পরিবারের উপর ক্ষুদ্ধ হন শামীম।
এসপি বলেন, সম্প্রতি লিসানকে একটি নতুন মোটরসাইকেল কেনেন। এতে শামীম আরও প্রতিহিংসাপরায়ন হয়ে ওঠে। এ ঘটনার পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশ সোহেলের এক আত্মীয়ার ছবি তোলা নিয়ে লিসানের সঙ্গে সোহেলের বিরোধ হয়। এছাড়া শিবরামপুর স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়েও তাদের বিরোধ হয়।
এসব বিরোধের জেরে রবিনসহ অন্যদের সাথে পরামর্শ করে শামীম শিবরামপুর এলাকার সোহেলকে ভাড়া করে লিসানকে হত্যার জন্য।
এদিকে লিসান হত্যার প্রতিবাদে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লিসানের সহপাঠীসহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা লিসান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।
