পটুয়াখালীতে ৩২ ট্রলারসহ চারশ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের পটুয়াখালী উপকূল থেকে ভারতীয় ৩২টি মাছ ধরা ট্রলারসহ অনুপ্রবেশকারী চার শতাধিক জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্টে থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।
ইউএনও মুনিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দর কোস্ট গার্ড স্টেশনের কাছ থেকে সারিবদ্ধভাবে ৩২টি ট্রলার সাগরের দিকে যাচ্ছিল।
“বাংলাদেশে অনুপ্রবেশ করায় এ সময় কোস্ট গার্ড সদস্যরা মৌডুবি এলাকা থেকে এদের আটক করে।”
তবে এখন পর্যন্ত আটক জেলেদের চূড়ান্ত সংখ্যা জানাতে পারেননি। প্রতিটি ট্রলারে ১৫-১৭ জন করে জেলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ইউএনও।
“সবকিছু বিষয়ে জানার পর আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জেলেদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পায়রা বন্দর কোস্ট গার্ড।
ভারতের ৩২টি ট্রলার রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্টে তাদের জিম্মায় রয়েছে বলে পায়রা বন্দর কোস্ট গার্ডের এক কর্মকর্তা নিশ্চিত করলেও আর কোনো কিছু জানানো যাবে না বলে জানান তিনি।
বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলো নিয়ে জেলেরা বাংলাদেশের উপকূলে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
