ঠাকুরগাঁওয়ে শালবন থেকে গলিত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি শালবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া গ্রামের শালবাগান থেকে লাশটি তারা উদ্ধার করেন বলে পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ জানান।
নিহতের বয়স আনুমানিক ৩৪ বলে ধারণা করলেও তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুরে বন বিভাগের লোকজন শালবাগানে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
পরে তা ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “লাশ দেখে মনে হচ্ছে ৫-৬ দিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল; মৃতদেহে পচন ধরেছে। নিহতের পরনে সাদা শার্ট ও কালা রঙের প্যান্ট রয়েছে।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
