নোয়াখালীতে পুলিশে চাকরিপ্রার্থীদের জন্য ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’
পুলিশ নিয়োগে আর্থিক বাণিজ্য ও দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে নোয়াখালী জেলা পুলিশ।
নতুন পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের উদ্যোগে এ প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জেলা শহরের প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল সাইনে ছাপানো বোর্ডও বসানো হয়েছে।
শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থান- সোনাপুর জিরো পয়েন্ট, টাউন হল মোড় ও মাইজদী বাজার এলাকায় নোয়াখালী জেলা পুলিশের নামে তিনটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে।
এতে বলা হয়েছে, আগামী ৩ জুলাই হতে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক বাছাই পরীক্ষার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমিকভাবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চুড়ান্ত পর্বে নিয়োগ করা হবে।
এক শ্রেণির অসাধু ব্যক্তি, প্রতারক ও দালাল চক্র মেধাবী ও যোগ্যপ্রার্থীদের টার্গেট করে মোটা অংকের অর্থ নিয়ে থাকে। পরবর্তীতে এসকল প্রার্থী নিজের যোগ্যতায় চাকরি পেলেও ওই চক্র তা নিজেদের সাফল্য বলে দাবি করে।
এ ধরনের প্রতারক ও দালালচক্রের আর্থিক লেনদেনের যে কোনো তথ্য জেলা পুলিশ প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তির বিষয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, এখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে। কেউ যাতে কারও দ্বারা প্রভাবিত না হন এবং কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন।”
পুলিশের কারও বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা বা কোনো প্রকার সুবিধা গ্রহণ করার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
আগামী ৩ জুলাই নোয়াখালী পুলিশ লাইন্সে টিআরসি পদে ২৩২ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে আবেদনকারীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুলাই পুলিশ কেজি স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ জুলাই মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
