২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমে রাজি না হওয়ায়’ কলেজছাত্রীকে ছুরিকাঘাত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 10:32 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

সোমবার বিকালে মঠবাড়িয়া পৌর শহরের পশ্চিম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

আহত কলেজছাত্রীকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, তার মেয়ে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছিলেন।

“পথে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে বখাটে শহিদুল ইসলাম দুলাল (২৮)।”

শহিদুল বেশ কিছুদিন ধরে তার মেয়েকে কলেজে ও প্রইভেটে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে শহিদুল এ হামলা করে পালিয়ে যায় বলে তিনি জানান।

আহত ছাত্রীর নানা বলেন, “বখাটে শহিদুল ইসলাম দুলাল আমার নাতনিকে র্দীঘদিন যাবত উত্ত্যক্ত করায় আমি মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম।”

শহিদুল ইসলাম দুলাল মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে।

এ ব্যাপারে শহিদুল ইসলাম দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, কলেজছাত্রীর উপর হামলার ঘটনায় ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।