কুষ্টিয়ায় বাড়ি থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
হেলালপুর গ্রাম থেকে সাবিনা ইয়াসমিনের (৪০) লাশ তারা উদ্ধার করেন বলে খোকসা থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান জানান।
আটকরা হলেন- নিহতের সাবেক স্বামী বাদশা মণ্ডল, মেয়ে ঋতু ও প্রতিবেশী হামিদা।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজ ঘরের বারান্দায় সাবিনার লাশ কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা।
সকালে প্রতিবেশীরা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন ডালিয়া খাতুন বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “পারিবারিক বা দাম্পত্য কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে।
